পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-25 15:20:03 · স্টাফ রিপোর্টার
জামালপুরসহ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদল যৌথভাবে এই কর্মসুচির আয়োজন করে।
শুক্রবার বিকেলে শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাওসার, সদস্য সচিব মনজুরুল করিম সুমন, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল, সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, নিষিদ্ধ দল দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা রাতের অন্ধকারে আগুন নিয়ে ত্রাস সৃষ্টি করে সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখাচ্ছে। দলীয় নেতাকর্মীদের এসব অপতৎপরতা সম্পর্কে সজাগ থেকে জনগণকে সাথে নিয়ে নিষিদ্ধ দলকে প্রতিহত করার আহবান জানান নেতৃবৃন্দ।