ময়মনসিংহ মেইল

কিশোরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-25 08:32:51 · স্টাফ রিপোর্টার

‘সুস্থ ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে কিশোরগঞ্জে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডি-ফ্যাব কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু রায়হানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং স্বাস্থ্য পরিদর্শক অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক।

এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আগত ফার্মাসিস্টরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের ভূমিকা, ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ফার্মাসিস্টদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, নিরাপদ ওষুধ ব্যবস্থাপনা এবং রোগীদের কাছে সঠিকভাবে ওষুধের ব্যবহার নিশ্চিত করতে ফার্মাসিস্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ফার্মাসিস্টদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।

পরে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্টসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

সবশেষে কেক কাটার মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবসের কর্মসূচির সমাপ্তি হয়।



আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত