ঝিনাইগাতীতে গরু আটককে কেন্দ্র করে উত্তেজনা
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-24 13:01:35 · স্টাফ রিপোর্টার
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ভারতীয় গরু সন্দেহে বিজিবির আটক করা ২২টি গরু নছিমনসহ কয়েকজন ব্যক্তি নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে কয়েকজনের বাগ্বিতণ্ডা ও হুমকির ঘটনা ঘটেছে বলেও অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ফুলহারি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলহারি এলাকায় অভিযান চালিয়ে বিজিবি একটি নছিমন থেকে ২২টি গরু আটক করে। গরুগুলোর বৈধ কাগজপত্র দেখতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিরা তা দেখাতে সময়ক্ষেপণ করেন বলে স্থানীয়রা জানান।
এ সময় বিষয়টি দেখতে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। খবর পেয়ে কয়েকজন সাংবাদিকও ঘটনাস্থলে যান।
স্থানীয়দের অভিযোগ, একপর্যায়ে তারেক ও শহিদুলের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি সেখানে এসে বিজিবি সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তাঁরা বিজিবির নিয়ন্ত্রণে থাকা গরুগুলো নছিমনসহ নিয়ে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্র আরও জানায়, গরুগুলোর মধ্যে ১৩টির ইজারার কাগজপত্র দেখানো হলেও সেগুলোর বৈধতা ও গরুগুলোর উৎস নিয়ে প্রশ্ন রয়েছে। তবে গরুগুলো ভারতীয় কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।