ময়মনসিংহ মেইল

স্লুইসগেটে ভাসছিল ড্রাম, ভেতরে মিলল বৃদ্ধের মরদেহ

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-24 08:53:30 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকার স্লুইসগেটে ড্রামের ভেতর থেকে এক অজ্ঞাত বৃদ্ধের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা পানিতে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বেগুনবাড়ি এলাকার স্লুইসগেট সংলগ্ন পানিতে একটি ড্রাম ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। ড্রামটি নিয়ে তাদের সন্দেহ হলে বিষয়টি কোতোয়ালি মডেল থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি পানি থেকে তুলে তল্লাশি চালায়। এ সময় ড্রামের ভেতর এক ব্যক্তির মরদেহ দেখতে পাওয়া যায়।

পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ একটি ড্রামের ভেতরে ভরে পানিতে ফেলে রাখা হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।’

ওসি আরও বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মরদেহটি কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত