ময়মনসিংহ মেইল

তারেক রহমানের জাতিসংঘ সফর ঘিরে ঢাবিতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

ক্যাম্পাস মেইল · 2026-09-23 12:56:30 · মেইল ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।


মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে কেন্দ্র করে বাংলাদেশের নতুন সরকারের প্রতিনিধিত্ব এবং বিশ্বমঞ্চে দেশের অবস্থান তুলে ধরার সফলতা কামনা করেন তারা।


জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার কথা রয়েছে। এটি প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম জাতিসংঘ সফর এবং সাধারণ পরিষদের বিশ্বমঞ্চে প্রথম ভাষণ।


মিছিল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা এবং সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


এ সময় ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, ছাত্রসমাজ জেগে আছে। কোনো ধরনের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার ঘোষণা দেন সংগঠনটির নেতাকর্মীরা।


প্রধানমন্ত্রীর সফরে গণতান্ত্রিক রূপান্তর, অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, বিশ্বশান্তি ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত