প্রতি উপজেলায় চার ভেটেরিনারি সার্জন নিয়োগসহ তিন দাবিতে বাকৃবিতে মানববন্ধন
ক্যাম্পাস মেইল · 2026-09-20 12:17:23 · ক্যাম্পাস রিপোর্টার
নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগের দাবিতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বাকৃবির ভেটেরিনারি বিভাগের শিক্ষার্থীরা
সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার (৯ম গ্রেড) পদে শুধুমাত্র নিবন্ধিত (রেজিস্টার্ড) ভেটেরিনারিয়ানদের নিয়োগসহ তিন দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন করেছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিভিএসডব্লিউএ) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আরো পড়ুন
মানববন্ধনে ভেটেরিনারি অনুষদের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। দেশের বিভিন্ন ক্যাম্পাসে একই সময়ে অনুষ্ঠিত শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে বাকৃবিতেও এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ভেটেরিনারি পেশার পেশাগত স্বকীয়তা, মর্যাদা ও অধিকার রক্ষায় নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের দায়িত্ব ও পদায়নের বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। বিশেষ করে ক্যাডার কাঠামোর বাইরে নন-ভেটেরিনারিয়ানদের পদোন্নতি দিয়ে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের সমকক্ষ বা উচ্চতর পদে পদায়নের সুযোগ বন্ধ করার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে বিভিএসডব্লিউএ-এর সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন সিয়াম শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—প্রতিটি উপজেলায় চারজন করে ভেটেরিনারি সার্জনের পদ দ্রুত সৃজন করে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগ কার্যকর করা; সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার (৯ম গ্রেড) পদে শুধুমাত্র নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগ দেওয়া; এবং ক্যাডার কাঠামোর বাইরে নন-ভেটেরিনারিয়ানদের পদোন্নতি দিয়ে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের সমকক্ষ বা উচ্চতর পদে পদায়নের সুযোগ ভবিষ্যতে না রাখা।
বুরহান উদ্দিন সিয়াম বলেন, “অর্থ মন্ত্রণালয় কর্তৃক সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার পদটি সৃষ্টির পর আমাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে ডিপ্লোমাধারীদের এই পদে নিয়োগ দেওয়া হলে তারা কার অধীনে এবং কীভাবে কাজ করবেন। বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন অনুযায়ী যেকোনো সিদ্ধান্ত কেবল নিবন্ধিত ভেটেরিনারিয়ানরাই নিতে পারেন। প্যারাভেটরা তাদের অধীনে থেকে প্রাথমিক চিকিৎসা, টিকাদান বা কৃত্রিম প্রজননের মতো কাজ সম্পাদন করেন।”
তিনি আরো বলেন, “উপজেলা পর্যায়ে সরাসরি কোনো ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার না থাকা অবস্থায় ডিপ্লোমাধারীদের এমন দায়িত্বশীল পদে নিয়োগ দেওয়া হলে তা ভেটেরিনারিয়ানদের পেশা, জনস্বাস্থ্য ও প্রাণিকল্যাণের জন্য হুমকি তৈরি করতে পারে।”
মানববন্ধনে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, “আমরা চাই সংশ্লিষ্ট দপ্তরগুলো আমাদের দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। আমরা মনে করি আমাদের দাবিগুলো যৌক্তিক। দাবি পূরণ না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। সরকার তাদের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেবে বলে আমরা প্রত্যাশা করি।”
অন্যদিকে, শিক্ষার্থী তানভীন ইসলাম লাবণ্য বলেন, “ভেটেরিনারিয়ানরা হেলথ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে সহকারী হেলথ অফিসার পদে অন্যদের নিয়োগের বিষয়টি আমাদের মধ্যে প্রশ্ন তৈরি করেছে। আমরা দীর্ঘ সময় পড়াশোনা করে ভেটেরিনারি ডিগ্রি অর্জন করি। এরপর যদি ডিপ্লোমাধারীদের অধীনে কাজ করতে হয়, তাহলে বিষয়টি আমাদের কাছে অসামঞ্জস্যপূর্ণ মনে হয়।”