ময়মনসিংহ মেইল

জামালপুরে বিয়ের দাবিতে ১০ দিনের অনশনের পর মামলা

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-20 12:23:05 · স্টাফ রিপোর্টার

জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা ১০ দিন অবস্থান ও অনশন করার অভিযোগে পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী তরুণীর বাবা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলার বাদী খশরু মিয়া উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের উত্তর সাপমারী গ্রামের বাসিন্দা। তিনি তার মেয়ে মিষ্টি পারভীনের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য জীবন মিয়াকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে অপহরণ, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগে মামলাটি করেন।
মিষ্টি পারভীন ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত জীবন মিয়া উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া-পোড়াভিটা জলব্রিজ এলাকার বাসিন্দা ফেলু মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর ধরে জীবন মিয়ার সঙ্গে মিষ্টি পারভীনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাস দিয়ে গত ১০ সেপ্টেম্বর মিষ্টিকে নিজের বাড়িতে নিয়ে যান জীবন মিয়া। পরে সেখানে তাকে মারধর করা হয়, ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
এসব ঘটনার পর বিয়ের দাবিতে জীবন মিয়ার বাড়িতে অবস্থান ও অনশন শুরু করেন মিষ্টি পারভীন। টানা ১০ দিন সেখানে অবস্থান করায় ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ সময় বিষয়টি মীমাংসার লক্ষ্যে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে মিষ্টির নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৫ ও ১৬ সেপ্টেম্বর শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা দেওয়ানগঞ্জের আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভও করেন।
স্থানীয়দের ভাষ্য, ঘটনার পর থেকেই জীবন মিয়া আত্মগোপনে রয়েছেন। এ বিষয়ে তার বা তার পরিবারের কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনার পর থেকেই ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার জন্য একাধিকবার বলা হয়েছিল। তবে তারা থানায় অভিযোগ না দিয়ে এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করেন।
তিনি আরও বলেন, শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় শনিবার রাতে মিষ্টি পারভীনের বাবা খশরু মিয়া মামলা করেছেন। মামলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত