ময়মনসিংহ মেইল

পরিচ্ছন্নতায় শুধু কর্মচারী নয়, শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে: বাকৃবি উপাচার্য

ক্যাম্পাস মেইল · 2026-09-19 07:42:16 · রিসালাত আলিফ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেছেন, 'শুধু কর্মচারীদের ওপর নির্ভর না করে শিক্ষার্থীদেরও নিজেদের রুম, হল, বাগান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।'
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ব পরিচ্ছন্নতা দিবস-২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সচেতনতামূলক আলোচনা, র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন বিএইউ–ক্লিন বিএইউ’-এর উদ্যোগে সকালে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আমতলায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার প্রধান অতিথি ছিলেন।
উপাচার্য বলেন, ‘ক্যাম্পাসের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিচ্ছন্ন রাখার বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে শুধু একদিনের কর্মসূচি যথেষ্ট নয়, নিয়মিত ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রত্যেকে নিজের জায়গাটুকু পরিষ্কার রাখলে পুরো ক্যাম্পাসই পরিচ্ছন্ন হয়ে উঠবে।'
গ্রিন বিএইউ–ক্লিন বিএইউ-এর সভাপতি অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম বলেন, ‘আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই চেতনা থেকেই পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। আজকের কর্মসূচির লক্ষ্য শুধু পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং সবার মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা। গ্রিন বিএইউ–ক্লিন বিএইউ একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ। পরিচ্ছন্ন ও সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে তাই আমি শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।
আলোচনা শেষে ‘আমার ক্যাম্পাস–আমার দায়িত্ব’ প্রতিপাদ্য সামনে রেখে র‍্যালি বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কর্মসূচিতে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, সোনালি দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমানসহ বিভিন্ন হলের প্রভোস্ট ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত