বাকৃবিতে ছাত্রলীগের কমিটি প্রত্যাখ্যান ছাত্রদল-শিবিরের
ক্যাম্পাস মেইল · 2026-09-16 09:37:21 · স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ ছাত্রলীগের নতুন শাখা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে প্রতিবাদ ও ক্ষোভ দেখা দিয়েছে। কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে কমিটিকে প্রত্যাখ্যানের কথা জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ক্যাম্পাসে সংগঠনটির কোনো সাংগঠনিক কার্যক্রমের চেষ্টা হলে তা প্রতিহতের কথাও জানিয়েছে কয়েকটি ছাত্রসংগঠন।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের নামে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য বাকৃবি শাখার নতুন কমিটি অনুমোদনের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষর রয়েছে বলে জানা গেছে।
ঘোষিত কমিটিতে ইমরান সিদ্দিকী প্রান্তকে সভাপতি এবং মো. মুইন নাদিম আল মুন্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহফুজ হক অভি, সাংগঠনিক সম্পাদক পদে তামিম মাহমুদ আকাশ এবং সহসভাপতি পদে মো. রাকিবুল ইসলাম, মো. মেহেদী হাসান, শাহরিয়ার খন্দকার ও মো. খালেদ হাসানের নাম রয়েছে।
কমিটি ঘোষণার পর মঙ্গলবার রাতে এর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বাকৃবি শাখা ছাত্রদল। শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম শফিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শোয়েবের নেতৃত্বে মিছিলটি বের হয়। এতে বিভিন্ন হলের শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।
শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শোয়েব গণমাধ্যমকে বলেন, নতুন কমিটির অধিকাংশ নেতার প্রকাশ্য সাংগঠনিক কার্যক্রম বর্তমানে দেখা যাচ্ছে না। তাঁর দাবি, কমিটিতে থাকা কয়েকজন দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। ক্যাম্পাসে এই কমিটির নামে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সাংগঠনিক তৎপরতার চেষ্টা হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও তিনি জানান।
অন্যদিকে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ আল মঈন গণমাধ্যমকে বলেন, ২০২৪ সালের আন্দোলনের পর দেশের ছাত্ররাজনীতি ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পরিবর্তন এসেছে। তাঁর দাবি, বাকৃবির শিক্ষার্থীরা ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করেছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের স্থানীয় নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে কমিটি ঘোষণার বিষয়ে ক্ষোভ ও নিন্দা জানান। বিবৃতিতে তাঁরা বলেন, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ একটি সংগঠনের পক্ষ থেকে প্রকাশ্যে কমিটি ঘোষণার বিষয়টি তাঁদের কাছে গ্রহণযোগ্য নয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. মুইন নাদিম আল মুন্না কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর তৎকালীন অন্তর্বতী সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপন ও গেজেটের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা জানানো হয়।