‘আম্মু, বুকটা খুব ব্যথা করে’—১০ বছর ধরে হৃদরোগে কাতর আফরিন, বাঁচাতে প্রয়োজন ৭ লাখ টাকা
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-24 07:37:08 · স্টাফ রিপোর্টার
‘আম্মু, বুকটা খুব ব্যথা করে’—তীব্র বুকব্যথায় কাতর হয়ে মায়ের কাছে এমন আর্তনাদ করে ছোট্ট আফরিন আক্তার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে তার অসুস্থতাও। দীর্ঘ ১০ বছর ধরে হৃদপিণ্ডের ভাল্বে ছিদ্রজনিত জটিলতায় ভুগছে শিশুটি।
কখনো তীব্র বুকব্যথা, কখনো শারীরিক দুর্বলতা—এভাবেই কষ্টে কাটছে তার দিন।
আফরিন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৪ নম্বর নয়াবিল ইউনিয়নের চাটখিয়া গ্রামের দরিদ্র পরিবারের সন্তান। বাবা আলতাব ও মা সাজেদা বেগমের তিন সন্তানের মধ্যে সে দ্বিতীয়। পরিবার সূত্রে জানা গেছে, শিশুকাল থেকেই হৃদরোগে আক্রান্ত আফরিন। মেয়ের চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে ছুটেছেন তার বাবা-মা। সামর্থ্য অনুযায়ী চিকিৎসা চালিয়ে গেলেও বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা দ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রয়োজন প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা। কিন্তু দিনমজুর ও অসচ্ছল পরিবারের পক্ষে এত বিপুল অর্থ জোগাড় করা প্রায় অসম্ভব।
মেয়ের অসহ্য কষ্ট চোখের সামনে দেখেও অর্থের অভাবে অসহায় হয়ে পড়েছেন তার বাবা-মা। আফরিনের মা সাজেদা বেগম বলেন, ‘দেশের বিভিন্ন হাসপাতালে মেয়ের চিকিৎসা করিয়েছি। এখন ডাক্তার বলেছেন, আফরিনের অপারেশন করতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা লাগবে। আমরা গরিব মানুষ, এত টাকা জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব নয়। মেয়েটা যখন বুকের ব্যথায় কষ্ট পায়, তখন মা হিসেবে খুব অসহায় লাগে। সমাজের বিত্তবান মানুষ ও দেশবাসীর কাছে আমার অনুরোধ—আমার মেয়েটাকে বাঁচাতে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন।’ নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক আরিফ হোসেন বলেন, ‘আফরিন অত্যন্ত দরিদ্র ও অসহায় পরিবারের সন্তান। আমি আমার সাধ্যমতো তার চিকিৎসায় সহায়তা করব।
পাশাপাশি আফরিনের চিকিৎসার জন্য আমাদের আসনের এমপি ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করছি। দেশে ও প্রবাসে যারা আছেন, সবাই এই ফুটফুটে শিশুটির জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।’
আফরিন হয়তো জানে না, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। সে শুধু জানে, বুকটা ব্যথা করলে মাকে জড়িয়ে ধরে কাঁদতে হয়। একটি শিশুর মুখে আবারও হাসি ফিরিয়ে দিতে এবং একটি পরিবারের স্বপ্ন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাও হতে পারে আফরিনের জন্য নতুন জীবনের আশীর্বাদ। আফরিনের চিকিৎসায় সহযোগিতা পাঠানোর বিকাশ নম্বর : ০১৬৩২০৬৭৭৫৫ (মা—সাজেদা বেগম) সহযোগিতার আবেদন: দেশ-বিদেশের হৃদয়বান ব্যক্তি, সমাজের বিত্তশালী মানুষ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতি আফরিনের চিকিৎসায় সহযোগিতার জন্য মানবিক আবেদন জানিয়েছেন তার পরিবার। মোবাইল: ০১৭২৯৯৭৬৭৬০