ময়মনসিংহ মেইল

‘আমার এলাকার যত পূজামণ্ডপ হোক, কোনো পুলিশ লাগবে না’

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-24 11:40:46 · স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, তার নির্বাচনী এলাকার কোনো পূজামণ্ডপে পুলিশ মোতায়েনের প্রয়োজন হবে না। পূজামণ্ডপে নিরাপত্তার জন্য পুলিশ না দিয়ে স্থানীয় কর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ইটনা উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন, ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।

ফজলুর রহমান বলেন, “মুসলমানদের নামাজ পড়তে—ঈদের নামাজ পড়তে যদি পুলিশ না লাগে, তাহলে আপনারা পূজা করতে ঘরে ঘরে পুলিশ দিতে হবে কেন? আমি বিশ্বাস করি, আমার এলাকায় পূজামণ্ডপে বা পূজা নিয়ে কোনো গোলমাল হবে না। এটা আমি একটা উদাহরণ সৃষ্টি করতে চাই।”

নিজের নির্বাচনী এলাকার সব পূজামণ্ডপে পুলিশ মোতায়েন না করার প্রস্তাবটি সংশ্লিষ্টদের বিবেচনার জন্য রাখেন তিনি।

ফজলুর রহমান বলেন, “এটা আমি প্রস্তাব রেখে গেলাম, বিবেচনা করুন। আমি ওপরেও কথাটা বলব যে, আমার এলাকার যত পূজামণ্ডপ হোক, কোনো পুলিশ লাগবে না।”

পুলিশ ছাড়াই শান্তিপূর্ণভাবে পূজা আয়োজনের মাধ্যমে এলাকায় একটি উদাহরণ তৈরি করতে চান জানিয়ে তিনি বলেন, “আপনারা শিওর থাকেন, একদম কিং অব সাইলেন্ট পূজা হবে।”

পূজার আগে নিজে এলাকায় অবস্থান করে এ বিষয়ে বক্তব্য দেওয়ার কথাও জানান ফজলুর রহমান। তিনি বলেন, “পূজার আগে আমি নিজে থাকব এলাকায় এবং একটা বক্তব্য দিয়ে দেব। এরপরে দেখবেন, আপনাদের পুলিশের জন্য তো—এটা একটা উদাহরণ সৃষ্টি করে এই এলাকায়, যে পুলিশ লাগবে না।”

পূজামণ্ডপে কোনো সহযোগিতার প্রয়োজন হলে তার কর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠনের প্রস্তাবও দেন সংসদ সদস্য।

তিনি বলেন, “যদি কিছু লাগে, আমি সব পূজামণ্ডপের পাশে আমার যত কর্মী আছে, আমি তাদেরকে দিয়ে স্বেচ্ছাসেবক পার্টি গঠন করে দেব। বা স্বেচ্ছাসেবক দল গঠন করে দেব। আপনাদের লাগবে না।”


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত