ময়মনসিংহ মেইল

বিক্ষোভ মিছিলে নান্দাইলের রাজপথে তথ্য প্রতিমন্ত্রী

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-24 15:25:04 · স্টাফ রিপোর্টার

 আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি স্থানীয় নতুন বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলে নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্যসচিব এনামুল কাদির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্যসচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, পৌর বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহা, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান সরকার ও সদস্যসচিব খায়রুল ইসলাম শুভসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সভায় শিক্ষার গুণগত মানোন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতেও সরকার বদ্ধপরিকর।

প্রতিমন্ত্রী বলেন, সুশিক্ষিত ও নৈতিকতাবোধসম্পন্ন নতুন প্রজন্মই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের মূল চালিকাশক্তি। তাই শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের নিতে হবে।

এর আগে বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এদিন সকালে প্রতিমন্ত্রী তাঁর বাবার স্মৃতিবিজড়িত ও তাঁর নামে প্রতিষ্ঠিত আনওয়ারুল হোসেন খান চৌধুরী মহাবিদ্যালয় পরিদর্শন করেন। পরে কলেজ প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন।

এ সময় তিনি বলেন, সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচি সফল করতে সবাইকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

পরে তিনি উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত একাডেমিক ভবনের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন।

এসব কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর খালেক, বিদ্যালয়ের নবগঠিত সভাপতি হাসনাত মাহমুদ তালহা, উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন ও পল্লব রায়, পৌর বিএনপির সভাপতি নজরুল ইসলাম ফকির, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ভূঁইয়া মনিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত