ময়মনসিংহ মেইল

বিয়ের দাওয়াত খেয়ে উপহার নয়, মেয়ের জন্য দোয়া চাইলেন বাবা

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-25 14:22:41 · স্টাফ রিপোর্টার


ময়মনসিংহের তারাকান্দায় মেয়ের বিয়েতে প্রচলিত রীতির বাইরে গিয়ে অতিথিদের কাছে কোনো উপহার বা অর্থ না চেয়ে শুধু দোয়া চেয়েছেন সাবেক ইউপি সদস্য শাহজাহান কবির। তাঁর এই উদ্যোগে বিয়ের আয়োজন পেয়েছে ভিন্ন এক মাত্রা।

বিয়ের দাওয়াত মানেই অতিথির হাতে উপহার কিংবা নগদ অর্থ বাংলাদেশের সামাজিক বাস্তবতায় এমন একটি প্রচলন দীর্ঘদিনের। অনেক পরিবারের কাছে এটি এখন বিয়ের আনুষ্ঠানিকতারও অংশ। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে মেয়ের বিয়েতে সম্পূর্ণ ভিন্ন এক বার্তা দিয়েছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহজাহান কবির।

মেয়ের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের কাছে তিনি চাননি কোনো উপহার কিংবা অর্থ। বরং তাঁর একমাত্র প্রত্যাশা ছিল মেয়ের নতুন জীবনের জন্য সবাই যেন মন থেকে দোয়া করেন।

সম্প্রতি শাহজাহান কবিরের মেয়ের বিয়ের আয়োজনে বিষয়টি অতিথিদের মধ্যে আলাদা করে নজর কাড়ে। বিয়ের অনুষ্ঠানে আসা স্বজন, প্রতিবেশী ও আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে তিনি জানান, মেয়ের জীবনের নতুন অধ্যায় যেন সুখ, শান্তি ও ভালোবাসায় পূর্ণ হয় এর চেয়ে বড় চাওয়া তাঁর নেই।

শাহজাহান কবিরের এই অবস্থান অনেক অতিথির কাছেই ছিল ব্যতিক্রমী। কারণ, বিয়ের অনুষ্ঠানে উপহার দেওয়া-নেওয়া কিংবা নগদ অর্থ দেওয়ার বিষয়টি এখন অনেক ক্ষেত্রেই সামাজিক রীতির মতো হয়ে উঠেছে। সেখানে একজন বাবা যখন অতিথিদের কাছ থেকে কোনো বস্তুগত প্রত্যাশা না রেখে শুধু মেয়ের জন্য দোয়া চান, তখন বিষয়টি স্বাভাবিকভাবেই আলাদা করে আলোচনায় আসে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও এই উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, বিয়ের মতো একটি আনন্দঘন আয়োজনে উপহার বা অর্থের চেয়ে নবদম্পতির জন্য আন্তরিক শুভকামনা ও দোয়ার গুরুত্ব অনেক বেশি। শাহজাহান কবিরের এই উদ্যোগ সেই বিষয়টিকেই নতুন করে সামনে এনেছে।

মেয়ের বিয়েকে ঘিরে শাহজাহান কবিরের প্রত্যাশা খুবই সাধারণ নতুন সংসার যেন সুখে-শান্তিতে কাটে, দুজনের জীবনে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়া বজায় থাকে। আর সেই প্রত্যাশা পূরণে তিনি অতিথিদের কাছে চেয়েছেন শুধু দোয়া।

বিয়ের আয়োজন শেষ হলেও তাঁর এই বার্তাটি থেকে গেছে অতিথিদের মনে উপহার কিংবা অর্থ নয়, প্রিয় মানুষের নতুন জীবনের জন্য একটি আন্তরিক দোয়াও হতে পারে সবচেয়ে মূল্যবান উপহার।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত