ময়মনসিংহ মেইল

২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে বাকৃবিতে উদ্যোক্তা মেলা

ক্যাম্পাস মেইল · 2026-10-03 12:17:19 · মেইল ডেস্ক

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, ব্যবসায়িক ধারণার বিকাশ এবং নতুন স্টার্টআপ উদ্যোগে উৎসাহিত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘YESS Program: Youth Entrepreneurship & Startups for Students (Mymensingh Chapter)’।
শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন হলে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এসএমই ফাউন্ডেশন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের যৌথ উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেন ২০০ শিক্ষার্থী। পাশাপাশি উদ্যোক্তা মেলায় স্থান পায় ২০টি স্টল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান। সভাপতিত্ব করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
প্রধান অতিথির বক্তব্যে সচিব আবদুন নাসের খান বলেন, খাদ্য উৎপাদন ও দেশের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তরুণদের উদ্যোক্তা হওয়ার আগ্রহ তৈরি, ব্যবসায়িক ধারণার বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে স্কিল ডেভেলপমেন্ট ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম কার্যকর ভূমিকা রাখতে পারে। কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, যুগ্ম সচিব মুর্তুজা জুলকার নাইম নোমান, এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফারজানা খান, অতিরিক্ত সচিব নুরুজ্জামান এবং ফাউন্ডেশনের এমডি নাজিম হাসান সাত্তার।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির, বাকৃবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মো. শহিদুর রহমান, রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন এবং জনসংযোগ ও প্রকাশনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা উদ্যোক্তা মেলার ২০টি স্টল পরিদর্শন করেন। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নতুন ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রস্তুত করার সুযোগ তৈরি করবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত