ময়মনসিংহ মেইল

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ক্যাম্পাসের মনোরম কাশবন, ক্ষোভ ও উদ্বেগ

ক্যাম্পাস মেইল · 2026-09-30 06:22:15 · ক্যাম্পাস রিপোর্টার


নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের লেকের পাড়ে অবস্থিত মনোরম কাশবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কাশবনের বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম এই আকর্ষণ হারিয়ে যাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ, বেদনা ও উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৯ সেপ্টেম্বর ​মঙ্গলবার আনুমানিক রাত ৮টার দিকে লেকের পাড়ের কাশবনে আগুন জ্বলতে দেখেন দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা কাশবনে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে নিরাপত্তাকর্মীরা সেখানে ছুটে যান এবং তাদের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কাশবনের একটি বড় অংশ পুড়ে ভস্মীভূত হলেও দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে বড় ধরনের সার্বিক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।​বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাদ্দাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "দুর্বৃত্তরা কাশবনে আগুন ধরিয়ে পালিয়ে যায়। নিরাপত্তাকর্মীদের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।"​নিরাপত্তাকর্মীরা জানান, রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে দেখা সম্ভব হয়নি। তবে পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।​শরতের শুভ্রতা ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক এই কাশবনটি দেখতে প্রতিদিন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য ছাড়াও দূর-দূরান্ত থেকে অনেক প্রকৃতিপ্রেমী ক্যাম্পাসে সমবেত হতেন। চোখের সামনে প্রকৃতির এমন অনাকাঙ্ক্ষিত বিনাশে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।​বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা আক্তার মোহ বলেন, "অনেক সৌন্দর্যপিপাসু মানুষ প্রতিদিন ক্যাম্পাসে আসেন। এটা দেখে যাদের ভালো লাগেনি, তারাই এই জঘন্য কাজ করেছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।"​ক্যাম্পাসের সৌন্দর্য বিনাশী এই হীন কাজের তীব্র নিন্দা জানিয়েছে সচেতন মহল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত