ময়মনসিংহ মেইল

কলমাকান্দা সীমান্তে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-30 07:13:06 · স্টাফ রিপোর্টার

নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীন খারনৈ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের উত্তর খারনৈ এলাকায় তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে সীমান্ত মেইন পিলার ১১৭৭/৭-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৬০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে বিজিবি।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব মদ জব্দ করা হয়েছে।

জব্দ করা ভারতীয় মদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত