করিমগঞ্জে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-27 13:07:46 · স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের করিমগঞ্জে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ঘটনাস্থলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে করিমগঞ্জ বাজার গার্লস স্কুলসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমার নেতৃত্বে পরিচালিত অভিযানে আনসার বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের সদস্যরা যৌথভাবে অংশ নেন।
অভিযানকালে ৩০ গ্রাম গাঁজাসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন করিমগঞ্জ থানাধীন মধ্যপাড়া (৫ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে বোরহান উদ্দিন চৌধুরী (৬০) এবং একই থানাধীন গুনাপাড়া এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে মো. জয়নাল (৪০)।
গ্রেপ্তারের পর ডিএনসির উপপরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে প্রসিকিউশন দাখিল করেন। পরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারে বোরহান উদ্দিন চৌধুরীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং মো. জয়নালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ টাস্কফোর্স অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।