ময়মনসিংহ মেইল

আন্তর্জাতিক নদী দিবসে ময়মনসিংহে ছাত্র-যুব সমাবেশ

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-27 12:17:22 · স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক নদী দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহে ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করার দাবিতে রবিবার বিকেল সাড়ে ৩টায় নগরীর শাপলা স্কয়ারে এ সমাবেশের আয়োজন করে গ্রিন ভয়েস, ময়মনসিংহ বিভাগ।
সমাবেশে বক্তারা বলেন, নদী দেশের পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু দখল, দূষণ ও অবৈধ স্থাপনার কারণে দেশের অনেক নদী আজ অস্তিত্ব সংকটে। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা, বন্যা ও কৃষিতে বিরূপ প্রভাব পড়ছে।
বক্তারা আরও বলেন, ব্রহ্মপুত্র নদ, সুতিয়া ও শিবুর নদীসহ ময়মনসিংহের নদ-নদীগুলো দখল ও দূষণমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নদীর জায়গা উদ্ধার করে এর স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে আনতে হবে। শুধু দিবসকেন্দ্রিক কর্মসূচি নয়, নদী রক্ষায় নিয়মিত তদারকি, সঠিক পরিকল্পনা ও আইন বাস্তবায়ন জরুরি। নদী রক্ষায় ছাত্র-যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
সমাবেশে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক ফারুক আহমেদ, বাপার ভালুকা শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল, সুশাসনের জন্য নাগরিক (সুজন), ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক আলী ইউসুফ, সাংবাদিক নিয়ামুল কবীর সজল ও সাংবাদিক মো. আসাদুজ্জামান সুমন বক্তব্য রাখেন।
বক্তারা নদী দখল ও দূষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আগামী প্রজন্মের জন্য নদী ও পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত