ঈশ্বরগঞ্জে শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ০৬:২১পি.এম. | সেপ্টেম্বর ২৭
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-27 12:57:37 · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালিকুজ্জামান সুজনের মুক্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রোববার সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে তারা প্রধান শিক্ষকের কক্ষে অবস্থান নিলে প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক সেখানে আটকা পড়েন বলে বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে। দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক খালিকুজ্জামান সুজন একটি কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াতেন। সেখানে দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে সম্প্রতি আলোচনা শুরু হয়। তবে ওই ছাত্রী ও তার পরিবারের পক্ষ থেকে অভিযোগটি অস্বীকার করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। পরে শুক্রবার রাতে পুলিশ শিক্ষক খালিকুজ্জামান সুজনকে গ্রেপ্তার করে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
শিক্ষার্থীদের দাবি, মামলাটি ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’। এ দাবিতে তারা রোববার ক্লাস বর্জন করে শিক্ষক সুজনের মুক্তির দাবিতে বিক্ষোভ করে এবং একপর্যায়ে প্রধান শিক্ষকের কক্ষে অবস্থান নেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।