ময়মনসিংহ মেইল

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-27 12:58:34 · স্টাফ রিপোর্টার

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগ নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান তালুকদার।

গ্রেপ্তার রবিউল হাসান সোহাগ সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রশিদপুর চৌরাস্তা এলাকার আলতাফ আলী মেম্বারের ছেলে। তিনি রশিদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, সোহাগ দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে এলাকায় একটি চোরচক্র পরিচালনারও অভিযোগ রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহিনুর রহমান তালুকদার বলেন, গ্রেপ্তার সোহাগকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত