নান্দাইলে কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ, সিএইচসিপিকে কৈফিয়ত তলব
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-29 05:31:10 · ফরিদ মিয়া
ময়মনসিংহের নান্দাইলে নির্ধারিত সময়ে নাখেরাজ কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ অবস্থায় পাওয়ায় রাজিয়া সুলতানা নামে এক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারকে (সিএইচসিপি) কারণ কৈফিয়ত তলব করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়।নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে ওই কৈফিয়ত তলব করা হয়। চিঠিতে তাকে নাখেরাজ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি হিসেবে উল্লেখ করা হয়েছে।
কৈফিয়ত তলবের চিঠিতে বলা হয়, ২৭ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে নাখেরাজ কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে সেটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। একই সময়ে সংশ্লিষ্ট সিএইচসিপি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, এ ঘটনায় সরকারি চাকরিতে দায়িত্ব পালনে গাফিলতির বিষয়টি প্রতীয়মান হয়েছে। এর ফলে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে উল্লেখ করা হয়। এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর পরিপন্থী বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে চিঠি জারির তারিখ থেকে দুই কর্মদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত জবাব যথাযথ মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে সশরীরে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, ময়মনসিংহের সিভিল সার্জন, নান্দাইল উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট সিএইচসিপির বক্তব্য জানা সম্ভব হয়নি।