বিশ্ব হার্ট দিবসে কিশোরগঞ্জে হার্ট ফাউন্ডেশনের র্যালি ও আলোচনা সভা
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-29 06:07:42 · স্টাফ রিপোর্টার
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কিশোরগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি গৌরাঙ্গবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয়।
পরে ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. আবদুল হাই।
সভায় প্রধান অতিথি ছিলেন হার্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মো. রমজান আলী।
আলোচনা সভায় বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার মো. জালালউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ মোহাইমেন লাক মিয়া এবং কোষাধ্যক্ষ হাফেজ আবদুর রশিদ।
বক্তারা হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন।