ময়মনসিংহ মেইল

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে মারধর, লাথিতে যুবকের মৃত্যু

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-28 12:28:13 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আনোয়ার হোসেন আনার (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, মারধরের একপর্যায়ে তাঁর গোপনাঙ্গে লাথি মারা হয়। এ ঘটনায় আবু তাহের ভুট্টো নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দেওখোলা ইউনিয়নের কুকরাইল মড়লবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের ফজলুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুকরাইল গ্রামের ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের আলহাজ মিয়া ও জিহাদের মধ্যে বিরোধ হয়। এর জেরে সন্ধ্যায় জিহাদকে মারধর করেন আলহাজ মিয়া। পরে রাতে আলহাজ মিয়া, ফাহাদ ও জয় নামের কয়েকজন দেওখোলা বাজারে জিহাদকে প্রকাশ্যে রড দিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। 

এতে জিহাদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনার খবর পেয়ে রাত ১০টার দিকে জিহাদের স্বজনেরা একই গ্রামের মড়লবাড়িতে যান। সেখানে জিহাদের স্বজন সাইফুল তাঁর শ্বশুরবাড়িতে আনোয়ারসহ অন্যদের উপস্থিতিতে ফাহাদ ও পারভেজকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনেন। পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, এ সময় আবু তাহের ভুট্টো সেখানে উপস্থিত ছিলেন। 

নিজেদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে কয়েকজন আনোয়ার হোসেনকে মারধর শুরু করেন। একপর্যায়ে ফাহাদ আনোয়ারের গোপনাঙ্গে জোরে লাথি মেরে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। এতে আনোয়ার ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আনোয়ারের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু তাহের ভুট্টোকে আটক করে। নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে আবু তাহের ভুট্টো নামে একজনকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত