ময়মনসিংহ মেইল

চিকিৎসার নামে গৃহবধূর শ্লীলতাহানি

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-28 05:42:13 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চিকিৎসার নামে এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে। তবে এই ন্যক্কারজনক ঘটনার কোনো আইনি বিচার না করে, স্থানীয় মাতাব্বররা সালিশ ডেকে অভিযুক্তকে পিঠমোড়া বেঁধে কয়েকটি চড়-থাপ্পড় দিয়ে ঘটনাটি ‘মীমাংসা’ করে দিয়েছেন বলে জানা গেছে। এই লঘু দণ্ড নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার দুপুরে নান্দাইল উপজেলার মুশল্লী ইউনিয়নের ধরগাঁও বাজারে জনৈক হারুনের ফার্মেসিতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে পেটে ব্যথা নিয়ে হারুনের ফার্মেসিতে চিকিৎসা নিতে যান পার্শ্ববর্তী একটি গ্রামের এক গৃহবধূর। ওই সময় হাতুড়ে চিকিৎসক হারুন চিকিৎসার বাহানা করে রোগীকে দোকানের পেছনে নিয়ে যান এবং তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে আপত্তিকরভাবে হাত দেওয়ার চেষ্টা করেন। লোকলজ্জার ভয়ে ওই গৃহবধু তখন তাৎণিকভাবে কাউকে কিছু না বলে বাড়ি চলে যান। পরে কিছু দিন আগে প্রবাস থেকে ছুটিতে বাড়িতে আসা স্বামীকে বিষয়টি জানালে, ওই দিন বিকেলেই স্বামী স্ত্রীকে সাথে নিয়ে হারুনের ফার্মেসিতে গিয়ে ঘটনার প্রতিবাদ ও জবাব চান। একপর্যায়ে সেখানে উৎসুক জনতা জড়ো হলে স্থানীয় মাতাব্বররা বিষয়টি নিজেরা সমাধানের আশ্বাস দিয়ে স্বামী-স্ত্রীকে নিয়ে যান। পরবর্তীতে সন্ধ্যার পর ধরগাঁও বাজারেই সালিশ বসিয়ে অভিযুক্ত হারুনকে ধরে পিঠমোড়া বেঁধে কয়েকটি চড়-থাপ্পড় দিয়ে ছেড়ে দেওয়া হয়। গ্রাম্য মাতাব্বরদের এমন দায়সারা বিচার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হারুনের ফার্মেসি বন্ধ দেখতে পান। এমনকি তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। সালিশে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জানান, "এটা কোনো বিচার হলো না। এই হারুন এর আগেও অনেক রোগীর সাথে এমন আচরণ ও নির্যাতন করেছে।"ঘটনার পর শ্লীলতাহানির শিকার গৃহবধূর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার শাশুড়ি আক্ষেপ করে বলেন, "গ্রামের মাতাব্বররা যেভাবে চাইছে, হেইভাবেই বিচার করছে। আমরার আর বলার কি আছে? গ্রামে তো থাহন লাগবো। জানতে চাইলে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, "এই বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত বা মৌখিক অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত