ময়মনসিংহ মেইল

তিন বছরেও ফেরেনি আমানত, মাদারগঞ্জে গ্রাহকদের উপজেলা পরিষদ ঘেরাও

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-28 06:08:57 · স্টাফ রিপোর্টার

তিন বছর ধরে আন্দোলন করেও আমানতের টাকা ফেরত না পাওয়ার অভিযোগে জামালপুরের মাদারগঞ্জে উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিভিন্ন সমবায় সমিতির ভুক্তভোগী গ্রাহকেরা। রোববার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলে। টাকা ফেরত না পাওয়া পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

জেলা সমবায় দপ্তর সূত্রে জানা গেছে, মাদারগঞ্জের ২৩টি সমবায় সমিতিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এসব সমিতির গ্রাহকসংখ্যা ৩২ হাজার ৪২৪ জন। গ্রাহকদের অভিযোগ, এসব সমিতিতে তাঁদের প্রায় ৭২০ কোটি ১৯ হাজার ১৫০ টাকা আটকে আছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, প্রবাসী, দিনমজুর, পোশাকশ্রমিক ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।

আন্দোলনকারীদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ঘোষিত এসব সমবায় সমিতির অধিকাংশের পরিচালক আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। পাশাপাশি জামায়াতের নেতাদেরও একাধিক সমবায় সমিতির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে তাঁরা দাবি করেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সমবায় সমিতির পরিচালকদের বক্তব্য পাওয়া যায়নি।

কর্মসূচি চলাকালে রকিবুল ইসলাম নামে এক গ্রাহক ও অর্থ উদ্ধার কমিটির এক নেতার সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে রকিবুল ইসলামকে উপজেলা পরিষদের একটি পরিত্যক্ত কক্ষে আটকে রাখেন আন্দোলনকারীরা বলে জানা গেছে।

এ বিষয়ে অর্থ উদ্ধার আন্দোলনের নেতা শিবলুল বারী রাজু বলেন, আন্দোলনের সময় রকিবুল ইসলাম বিক্ষুব্ধ গ্রাহকদের সামনে উসকানিমূলক ও আপত্তিকর মন্তব্য করেন। এতে উপস্থিত গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে তাঁর ওপর চড়াও হন।

শিবলুল বারী রাজু বলেন, ‘প্রায় তিন বছর ধরে আমরা আন্দোলন করছি। এখনো সাধারণ গ্রাহকেরা তাঁদের আমানতের টাকা ফেরত পাননি। গ্রাহকেরা টাকা হাতে না পাওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।’

সংসদ সদস্যের দেওয়া প্রতিশ্রুতির বিষয়ে তিনি বলেন, ‘সাধারণ গ্রাহকেরা ওই প্রতিশ্রুতি মেনে নেননি। ওই প্রতিশ্রুতি ভুক্তভোগীদের স্বার্থের পরিবর্তে সমবায়গুলোর মালিকপক্ষের স্বার্থ রক্ষা করবে।’


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত