ময়মনসিংহ মেইল

নান্দাইলে ছাত্রীকে একা পেয়ে জড়িয়ে ধরল শিক্ষক

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-29 06:04:12 · স্টাফ রিপোর্টার

 ময়মনসিংহের নান্দাইলে ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রমজান আলী নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

সোমবার সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের তালিমুল উম্মা নূরে মদিনা কওমি মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, সকালে ওই ছাত্রী মাদ্রাসায় গেলে শিক্ষক রমজান আলী তাঁকে একটি কক্ষে একা পেয়ে হাত ধরে টানাটানি ও জড়িয়ে ধরার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ওই ছাত্রী চিৎকার করে শিক্ষককে ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের হয়ে যান বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

পরে ছাত্রীটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাঁরা মাদ্রাসায় গিয়ে শিক্ষককে অবরুদ্ধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ছাত্রীদের বাধার মুখে পড়ে। পরে পুলিশ শিক্ষক রমজান আলীকে আটক করে থানায় নিয়ে যায়। আটক রমজান আলী নান্দাইল সদর ইউনিয়নের ভাটি পাঁচানী গ্রামের মো. আব্দুস সালামের ছেলে।

তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন রমজান আলী। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। আমি মাদ্রাসায় ওই ছাত্রীকে আসতেই দেখিনি।’

ভুক্তভোগী ছাত্রী এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। তবে তাঁর বাবা অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে ওই শিক্ষক একা পেয়ে হাত ধরে টানাটানি করেছেন।’ তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর মাদ্রাসাশিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে। পরে সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত