বাকৃবিতে এখন থেকে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স, স্বস্তিতে শিক্ষার্থীরা
ক্যাম্পাস মেইল · 2026-09-28 14:07:16 · ক্যাম্পাস রিপোর্টার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ক্যাম্পাসে এখন থেকে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স থাকবে। বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহণ শাখার সহযোগিতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান পরিবহণ শাখার পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেন এবং পরিচালক একই দিনে উদ্যোগটি বাস্তবায়ন করেছেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের মৌলিক চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। রাতে মাত্র একটি অ্যাম্বুলেন্স থাকায় সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে জরুরি মুহূর্তে চরম ভোগান্তির শিকার হচ্ছিল। বিষয়টি আমরা গুরুত্বের সাথে বিবেচনা করে পরিবহণ শাখা পরিচালকের সঙ্গে কথা বলি। শিক্ষার্থীদের স্বার্থে দ্রুততম সময়ে উদ্যোগটি বাস্তবায়ন করায় প্রশাসনকে ধন্যবাদ জানাই। বাকৃবি ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজন ও সমস্যায় পাশে থাকবে।
শিক্ষার্থী অনুপ পাল বলেন, ক্যাম্পাসে ২৪ ঘণ্টা দুটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হওয়ায় এখন ভালো সেবা পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। আগে রাতে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সের সংকট তৈরি হলে আমাদের ভোগান্তিতে পড়তে হতো। এখন সে সমস্যা আর হবে না। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
বাকৃবির পরিবহণ শাখার পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও তাৎক্ষণিক চিকিৎসাসেবা আমাদের প্রথম প্রাধান্য। পূর্বে জনবল ও ব্যবস্থাপনার কিছু সীমাবদ্ধতার কারণে একটি অ্যাম্বুলেন্স সচল রাখা হতো। তবে এর ফলে একটি অ্যাম্বুলেন্স ময়মনসিংহ মেডিকেল কলেজে গেলে ক্যাম্পাসে জরুরি সেবা ব্যাহত হতো। আজ থেকেই ২৪ ঘণ্টা দুটি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে যাতে কোনো শিক্ষার্থীকেই আর চিকিৎসার জন্য অপেক্ষায় থাকতে না হয়।