ময়মনসিংহ সাহিত্য সংসদের নিয়মিত সাপ্তাহিক পাঠচক্র প্রকল্প ‘বীক্ষণ’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর—তিন মাসের জন্য নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নবী হোসেন লাদেন এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সুষ্মিতা সরকার।
ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক জুবায়েদ ইবনে সাঈদ এক বার্তায় নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।আহ্বায়ক নবী হোসেন লাদেন দীর্ঘদিন ধরে ‘বীক্ষণ’-এর কার্যক্রমের সঙ্গে যুক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠচক্রের কার্যক্রম সরাসরি সম্প্রচারের শুরুর দিক থেকেই তিনি সম্পৃক্ত। পড়াশোনার পাশাপাশি তিনি সাংবাদিকতা, লেখালেখি ও আবৃত্তিচর্চার সঙ্গে যুক্ত।
যুগ্ম আহ্বায়ক সুষ্মিতা সরকারও ‘বীক্ষণ’-এর নিয়মিত কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। সংগঠনের পক্ষ থেকে তাকে দায়িত্বশীল ও সম্ভাবনাময় কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।নতুন আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রয়েছেন শাহিদ আমিনি রুমি, প্রণয় কুমার বিশ্বাস, টিপু চৌধুরী, হাসান রাকিব, বিউটি দাস, জিসি দেবনাথ এবং স্নিগ্ধা ধর শিথিল।কমিটির সদস্যদের মধ্যে শাহিদ আমিনি রুমি সাহিত্যচর্চা ও কবিতার সঙ্গে যুক্ত। প্রণয় কুমার বিশ্বাস পাঠক, লেখক ও প্রাবন্ধিক হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে ময়মনসিংহ সাহিত্য সংসদের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। আবৃত্তিশিল্পী টিপু চৌধুরীও ‘বীক্ষণ’-এর সঙ্গে যুক্ত রয়েছেন।
কবি ও সংবাদকর্মী হাসান রাকিব নিয়মিত লেখালেখি করেন। বিউটি দাস প্রতি শুক্রবারের পাঠচক্রে কবিতা আবৃত্তির মাধ্যমে অংশ নেন। সদ্য সাবেক আহ্বায়ক জিসি দেবনাথ কবিতা লেখার পাশাপাশি দীর্ঘদিন ধরে ‘বীক্ষণ’-এর কার্যক্রমে সক্রিয় ছিলেন। এছাড়া স্নিগ্ধা ধর শিথিল কবিতা লেখা, ছবি তোলা ও বাঁশি বাজানোর সঙ্গে যুক্ত।
ময়মনসিংহ সাহিত্য সংসদের পক্ষ থেকে নতুন কমিটির সদস্যদের আগামী তিন মাসের দায়িত্ব পালনে শুভকামনা জানানো হয়েছে। একই সঙ্গে ‘বীক্ষণ’-এর নিয়মিত কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ময়মনসিংহ সাহিত্য সংসদের নিয়মিত সাপ্তাহিক পাঠচক্র ‘বীক্ষণ’ দীর্ঘদিন ধরে পাঠ, আলোচনা, কবিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক চর্চার একটি নিয়মিত আয়োজন হিসেবে পরিচালিত হয়ে আসছে।