ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-30 10:46:17 · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মারুফ ও স্বাধীন নামে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকার মো.মারুফ (২১) এবং মো. স্বাধীন (২০)।
মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১২ আগষ্ট সকালে ভুক্তভোগীর মা প্রতিদিনের মতো কাজে বের হন। বাড়িতে তাদের মেয়ে একাই থাকতেন সারাদিন। ঘটনার দিন সন্ধ্যায় কাজ শেষ করে বাড়িতে ফিরে দেখেন জোরপূর্বক দুপুর আনুমানিক ৩টার দিকে আসামি মারুফ ও স্বাধীন ঘরে ঢুকে এই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
আসামিদের উপস্থিতিতে রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুল করিম চৌধুরী বলেন, "সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের উপযুক্ত শাস্তি দিয়েছেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ পূর্ণ সন্তুষ্ট ও খুশি। আমরা আশা করি, এই রায়ের মাধ্যমে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পাবে এবং বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পাবে।"