অবৈধভাবে মাটি কেটে পাচারের সময় জাহাজ জব্দ, মালিককে জরিমানা
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-30 14:14:26 · স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের ভৈরবে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে জমি থেকে মাটি উত্তোলনের দায়ে জাহাজ মালিককে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভৈরব বাজার জেটি ঘাটে মাটিভর্তি জাহাজটি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া, খলাপাড়ার হাওরের ফসলি জমি থেকে অবৈধভাবে একটি ভেকু দিয়ে মাটি কেটে জাহাজ ভর্তি করে রাজধানী শহরে পাচার করতো। এসময় বিআইডব্লিউটিএর একটি টিমসহ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক এর নেতৃত্বে ২০ হাজার ঘন ফুট মাটি ভর্তি জাহাজটি জব্দ করে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এমবি শাহ ফতুল্লাহ (১২)- (এম ০১-৪৫০৩) এর কর্মচারী মো.শামীম মিয়াকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে৷ অভিযানে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ ট্রাফিক ইন্সপেক্টর মো.জসিম উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এবিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক জানান, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে রাজধানী শহর এলাকায় পাচারের সময়ে মাটি ভর্তি একটি জাহাজ জব্দ করা হয়।
অনুমতিবিহীন অবৈধভাবে জমি থেকে মাটি উত্তোলনের দায়ে জাহাজ মালিককে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জব্দকৃত জাহাজের মাটি পরবর্তীতে নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে বলে তিনি জানান৷