নিকলীতে ইয়াবা ও চোলাই মদসহ একজন গ্রেপ্তার
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-04 13:00:54 · স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাই মদসহ কবির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিকলী থানা পুলিশ। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত ১টার দিকে নিকলী-করিমগঞ্জ সংযুক্ত রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের কারপাশা ইউনিয়ন পরিষদের সামনে সন্দেহভাজন একটি মোটরসাইকেলের গতিরোধ করে নিকলী থানা পুলিশের একটি টহল দল। এ সময় টহল দলের নেতৃত্বে থাকা এসআই সাগর ঘোষ ও এএসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মোটরসাইকেলটি থামিয়ে দেহ তল্লাশি করেন।
পুলিশ জানায়, তল্লাশির সময় করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের খুদেরগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে কবির উদ্দিনের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ও দেড় লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে তাঁকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার কবির উদ্দিনের বিরুদ্ধে নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ দৈনিক কিশোরগঞ্জকে বলেন, তিনি সম্প্রতি নিকলী থানায় যোগদান করেছেন। মাদক, অনলাইন জুয়া, ইভটিজিংসহ সামাজিক অবক্ষয় রোধ এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থানীয় বাসিন্দাদের সার্বিক সহযোগিতা কামনা করে ওসি বলেন, পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে নিকলী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে নেওয়া সম্ভব হবে।