ময়মনসিংহ মেইল

মাদারগঞ্জে দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-03 15:09:55 · স্টাফ রিপোর্টার

জামালপুরের মাদারগঞ্জে দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, সিসি ক্যামেরা স্থাপন এবং পূজাকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে থানার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভুঞা। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায় সভায় বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র সরকার, মাদারগঞ্জ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক দিলিপ কুমার বর্মণ ও সাবেক আহ্বায়ক রাখাল চন্দ্র।সভায় বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং মাদারগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময়ে মতবিনিময় সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, দর্শনার্থীদের চলাচল, যানবাহন নিয়ন্ত্রণ, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

একই সঙ্গে কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।সভায় সংশ্লিষ্টরা জানান, মাদারগঞ্জ উপজেলায় এবারের শারদীয় দুর্গাপূজায় মোট ২৮টি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্য মোতায়েন ও নজরদারি করা হবে।

পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।পূজা উদযাপন কমিটির নেতারা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসন ও পুলিশের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয়দের মধ্যে সম্প্রীতি ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পূজা উদযাপন কমিটিগুলোকে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, গুজব বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশাসন, পুলিশ, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয়দের সমন্বিত সহযোগিতায় মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত