ময়মনসিংহ মেইল

খাস জমি নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা, আটক চার

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-03 15:09:19 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের গৌরীপুরে সরকারি খাস খতিয়ানের জমির দখল নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় নিহতের ছোট ভাই দুলাল হোসেন (৫০) গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকবুলক মৃত ঘোষণা করে। 

নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার (৩ অক্টোবর) উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত কসম উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ চার নারীকে আটক করেছে। ‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে নিজেদের দাবি করা ও মূলত সরকারি খাস খতিয়ানভুক্ত ১৬ কাঠা (১৬০ শতাংশ) ফসলি জমিতে আজ সকালে মাসকলাই বুনতে যান দুই ভাই মকবুল ও দুলাল। 

এ সময় জমিটি অন্যায়ভাবে নিজেদের দখলে নেওয়ার চেষ্টায় প্রতিবেশী আমানত মিয়ার চার ছেলে বাবুল, জাহাঙ্গীর, আব্দুর রাশিদ ও আনারুল তাদের চাষাবাদে বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রতিপক্ষ বাবুল তার হাতে থাকা লাঠি দিয়ে সজোরে মকবুল হোসেনের মাথায় আঘাত করে। এতে তিনি তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে। ‎নিহতের ছোট ভাই দুলাল হোসেন জানান, বাবুলের লাঠির আঘাতে মকবুল মাটিতে লুটিয়ে পড়ে যাওয়ার পর অন্য ভাইয়েরা তাকে বেদম পিটিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে। 

এ সময় ভাইকে বাঁচাতে গেলে দুলালকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে গেলেও পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে। নিহতের মেয়ে নাজমা বলেন, দৌড়ে গিয়েও বাবাকে বাঁচাতে পারলাম না। ওরা আমার বাবাকে পিটিয়ে মেরে ফেলছে। আমি আমার বাবা হত্যার বিচার চাই। 

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িত চার নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কোতোয়ালি থানার পুলিশ ময়নাতদন্তের ব্যবস্থা নিয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত