আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন শেরপুরের মেয়ে সায়েরী
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-02 03:26:32 · স্টাফ রিপোর্টার
শেরপুরের মেয়ে ফারাবি জাবিন সায়েরী। শিশু সাংবাদিকতার পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা তৈরিতে কাজ করে এবার জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন তালিকায়।শিশুদের অধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন শিশু সাংবাদিক ফারাবি জাবিন সায়েরী। তিনি বিশ্বের প্রথম বাংলা শিশু সাংবাদিকতাভিত্তিক সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাত শিশু সাংবাদিকের একজন।১৭ বছর বয়সী ফারাবি ২০২২ সাল থেকে হ্যালোর সঙ্গে যুক্ত। তাঁর গ্রামের বাড়ি শেরপুরে। তবে পড়াশোনার কারণে বর্তমানে ঢাকায় থাকছেন।করোনাভাইরাস মহামারির সময় দেশে বাল্যবিয়ের ঘটনা বেড়ে যাওয়ার বিষয়টি তাঁকে ভাবিয়ে তোলে। এ পরিস্থিতিতে সংবাদ প্রতিবেদন তৈরির পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেন তিনি। এ লক্ষ্যে গড়ে তোলেন একটি সংগঠন।ফারাবি বলেন, “কোভিড মহামারির সময় বাল্যবিয়ের ঘটনা বেড়ে গেলে ভাবতে শুরু করি সংবাদ প্রতিবেদনের বাইরে আর কী কী করতে পারি। এরপর বাল্যবিয়ে নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে একটি সংগঠন চালু করি।”শিশু সাংবাদিকতার সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা তাঁর সামাজিক দায়বদ্ধতা বাড়িয়েছে বলেও জানান ফারাবি। তিনি বলেন, “সমাজের জন্য কিছু করার প্রেরণা আমি হ্যালো থেকেই পেয়েছি। শিশু সাংবাদিকতা আমাকে অনেক কিছু যেমন শিখিয়েছে, তেমনি সমাজের প্রতি অনেক বেশি দায়বদ্ধতা তৈরি করেছে।”এ বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ২২তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের শত শত মনোনয়নের মধ্য থেকে শিশু অধিকার নিয়ে কাজ করা তরুণদের বাছাই করা হয়েছে। ফারাবি ছাড়াও হ্যালোর আরও ছয় শিশু সাংবাদিক এ পুরস্কারের মনোনয়ন পেয়েছেন।নেদারল্যান্ডসভিত্তিক শিশু অধিকারবিষয়ক সংগঠন কিডসরাইটস প্রতিবছর শিশুদের অধিকার প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদান রাখা একজন তরুণকে এ পুরস্কার দিয়ে থাকে। ‘শিশুদের নোবেল’ হিসেবে পরিচিত এ পুরস্কারের বিজয়ীর নাম আগামী ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসে ঘোষণা করা হবে।