সখীপুরে অবৈ*ধ ক*রাত কলে অভিযানে ১৫ হাজার টাকা জরি*মানা
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-01 07:26:18 · স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের সখীপুরে লাইসেন্স ছাড়া অবৈধভাবে পরিচালিত দুটি করাত কলে (স মিল) অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে করাত কল দুটিকে সিলগালা করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা বাজারে এই অভিযান পরিচালনা করেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।
আদালত সূত্র জানায়, বনাঞ্চল ও পরিবেশ আইন লঙ্ঘন করে সখীপুর উপজেলায় দাড়িপাকা বাজারে দীর্ঘদিন ধরে কয়েকটি করাত কল অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
এ সময় করাত কল লাইসেন্স বিধিমালা লঙ্ঘন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় করাত কল মালিক সিদ্দিক হোসেনকে ১০ হাজার টাকা এবং মুসাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে করাত কল দুটির কার্যক্রম ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম জানান, পরিবেশ ও প্রচলিত আইন অমান্য করে উপজেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ করাত কলের বিরুদ্ধে এই নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বনাঞ্চল রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এই উচ্ছেদ ও জরিমানা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।