ময়মনসিংহ মেইল

শেরপুর টাইমসের সংবাদে বদলে গেল শামছুল হক ক্বারির জীবন

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-01 06:34:14 · স্টাফ রিপোর্টার

একসময়ের শিক্ষক, কোরআনের ক্বারি ও ইমাম, এখন ভাঙা ঘরে দিন কাটে অভাবে" শিরোনামের মানবিক প্রতিবেদন প্রকাশের পর শেরপুরের প্রবীণ শিক্ষক ও ক্বারি শামছুল হকের জীবনে এসেছে আশার আলো। তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি পেয়েছেন একটি ব্যাটারিচালিত অটোরিকশা। পাশাপাশি রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে নতুন বসতঘর এবং পুনরায় চালু হয়েছে তাদের বয়স্ক ভাতা।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের চাঁন্দেরনগর মুসলিমপাড়ায় তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ক্বারি শামছুল হক ও তার স্ত্রী রেজিয়া বেগমের হাতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তুলে দেওয়া হয়। সংগঠনটির সেক্রেটারি জেনারেল বদিউজ্জামান মাহফুজ আনুষ্ঠানিকভাবে অটোরিকশার চাবি হস্তান্তর করেন।

আয়োজকরা জানান, অটোরিকশাটি ভাড়ায় পরিচালনার মাধ্যমে প্রবীণ এই দম্পতির জন্য নিয়মিত আয়ের একটি ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে তারা দৈনন্দিন ব্যয় নির্বাহের পাশাপাশি অন্যের সহায়তার ওপর নির্ভরশীলতা কমিয়ে স্বাবলম্বী জীবনযাপনের সুযোগ পাবেন।

একই দিন রাতে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন তাদের বাড়িতে গিয়ে নবনির্মিত ঘরটি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেন। রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নির্মিত ঘরটি পাওয়ায় দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হয়েছে বলে জানান স্থানীয়রা।

এ সময় ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, ৫ নম্বর ধলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জয়নাল আবেদিন সরকার, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফুরকান আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু, শেরপুর জেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান শামীম, সদস্য সচিব আশরাফুল ইসলাম, শিক্ষক মিনহাজ উদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত