ময়মনসিংহ মেইল

ময়মনসিংহে কৈশোরের স্বাস্থ্য ও কল্যাণ মেলা অনুষ্ঠিত

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-01 13:23:33 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হয়েছে ‘Adolescent Health and Wellbeing Fair’ বা কৈশোর স্বাস্থ্য ও কল্যাণ মেলা। সিভিল সার্জন অফিস, ময়মনসিংহ ও ইউনিসেফের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
সম্প্রতি নগরীর ভাষা শহীদ আব্দুল জব্বার অডিটোরিয়ামে আয়োজিত এ মেলায় নগরীর ছয়টি স্কুলের প্রায় ১০০ শিক্ষার্থী এবং সরকারি শিশু পরিবারের কিশোরীরা অংশ নেয়।
মেলায় কৈশোরের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি, পরিচ্ছন্নতা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন স্টল ও পরামর্শ কেন্দ্র স্থাপন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক, শিক্ষামূলক নাটিকা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সরকারের সাতটি বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অংশগ্রহণে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (স্কুল হেলথ) ডা. আসিফ ইকবাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কৈশোরের স্বাস্থ্য ও কল্যাণের বিভিন্ন দিক তুলে ধরেন।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী, ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আলী আজগর দপ্তরীসহ স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


এ ছাড়া ইউনিসেফের হেলথ অফিসার ডা. আলমগীর হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহসিনা খাতুন এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মীর আনোয়ার হোসেন অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী। তিনি মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কৈশোরের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রিপন রায় ও মেডিকেল অফিসার (কো-অর্ডিনেশন) ডা. মো. তরিকুল হাসান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুল হেলথ ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. দেবযানী সান্যাল।
আয়োজকদের প্রত্যাশা, এ মেলার মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়বে এবং তাদের সুস্থ, নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত