বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-02 10:14:47 · স্টাফ রিপোর্টার
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে দাঁতের চিকিৎসা দেওয়ার অপরাধে এক ভুয়া চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার চেম্বারটি পুরোপুরি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।গত ১অক্টোবর বৃহস্পতিবার উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরের বাজার এলাকায় ‘আলিফ ডেন্টাল কেয়ার’-এ অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম।দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মাহমুদুল হাসান শাহীন। তিনি পর্যাপ্ত ডিগ্রি ও রেজিস্ট্রেশন ছাড়াই দীর্ঘদিন ধরে রায়পুর ফকিরের বাজারে সুসজ্জিত চেম্বার খুলে অপচিকিৎসা চালিয়ে আসছিলেন বলে জানা যায়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম জানান, বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নিবন্ধিত চিকিৎসক না হয়েও নামের আগে ডাক্তার লিখে সাধারণ মানুষকে ভুল চিকিৎসা দিয়ে আসছিলেন মাহমুদুল হাসান শাহীন। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং উক্ত ডেন্টাল কেয়ারটির সব ধরণের কার্যক্রম সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়।তিনি আরও উল্লেখ করেন, “নিয়মানুযায়ী ডেন্টাল চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করতে হলে বিডিএস (BDS) ডিগ্রি এবং বিএমডিসি-র বৈধ রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসাসেবার নামে জনগণের সাথে প্রতারণা বন্ধে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”