ময়মনসিংহ মেইল

ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা, রাজিব বাসের ধাক্কায় নিহত ৭

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-02 10:08:27 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ নগরীতে বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহীর প্রাণ গেছে।

শুক্রবার সোয়া ১টার দিকে আকুয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানিয়েছেন।

দুর্ঘটনার কারণে ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।

ওসি বলেন, “দুর্ঘটনায় অটোরিকশা ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুসহ সাতজনের মৃত্যু হয়।”

নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন- জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার দড়ি হামিদপুর গ্রামের রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু (৫০), তার মা রাশিদা বেগম (৭০), মেয়ে মর্জিনা (২৫) ও মর্জিনার ছেলে মিনাল (৫)।

তারা গাজীপুরে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। নিহত অপর তিনজনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে জামালপুরগামী ‘রাজীব পরিবহনের’ একটি বাসের সঙ্গে জামালপুর থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার সাতজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধারকাজ শুরু করে। পরে নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি শিবিরুল ইসলাম বলছেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উভয় যানবাহনের অতিরিক্ত গতির কারণে কেউ কাউকে সাইড দিতে না পারায় সংঘর্ষটি ঘটে। বাসটি আটক করা হলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।”

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। স্থানীয় সাইফুল ইসলাম ও রহিমা বেগম বলেন, মহাসড়কে বেপরোয়া গতিতে বাস চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি করেন তারা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত