ময়মনসিংহ মেইল

ফ্যামিলি কার্ডের নামে টাকা নিলে আইনি ব্যবস্থা: ইয়াসের খান চৌধুরী

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-02 12:06:29 · ফরিদ মিয়া

ময়মনসিংহের নান্দাইলে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে কেউ টাকা নিলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শুক্রবার (২ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সতর্কবার্তা দেন।
স্ট্যাটাসে প্রতিমন্ত্রী বলেন, নান্দাইল থেকে যদি এমন কোনো অভিযোগ পাওয়া যায় যে, ফ্যামিলি কার্ডের জন্য কেউ টাকা নিয়েছে, তাহলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে তিনি বলেন, সাবধান।
একই সঙ্গে নান্দাইলের মানুষের প্রতি আস্থা প্রকাশ করে ইয়াসের খান চৌধুরী বলেন, তিনি বিশ্বাস করেন, নান্দাইলের কেউ এ ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত থাকবেন না।
তিনি আরও বলেন, নান্দাইলবাসীর সেবায় তিনি নিয়োজিত রয়েছেন। ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি বা মধ্যস্বত্বভোগীকে টাকা না দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রীর এ সতর্কবার্তার পর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। কার্ড করে দেওয়ার নামে কেউ অর্থ দাবি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত