আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-04 13:01:57 · স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, নায়েবে আমির মো. সাইদুল হক বিএসসি, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা যুব বিভাগের সভাপতি আলি কাওছার রনি ও কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাসান আল মামুন।
এ ছাড়া আফজাল হোসেন জুয়েলসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। তাকে দ্রুত মুক্তি দেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব।
মামলায় পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে রোববার তাকে ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।