টিকটক ভিডিওর জন্য ১০ টাকায় পুকুরে ঝাঁপ দিতে গিয়ে মারা যায় শিশু, দেড় বছর পর আসামি গ্রেপ্তার
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-26 08:12:10 · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ফুলপুরে সৌরভ ক্ষত্রিয় (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় আব্দুল হাকিম (২৫) নামে এক টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঘটনার প্রায় দেড় বছর পর তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল হাকিম ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে টিকটক ভিডিও তৈরির জন্য শিশু সৌরভ ক্ষত্রিয়কে ১০ টাকা দেওয়ার কথা বলেন আব্দুল হাকিম। এ সময় তিনি শিশুটিকে একটি পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলেন। বিষয়টি ঝুঁকিপূর্ণ বুঝতে না পেরে হাকিমের কথায় পুকুরে ঝাঁপ দেয় সৌরভ। পুকুরে ঝাঁপ দেওয়ার পর পানির নিচে থাকা লোহার তারকাঁটা শিশুটির পায়ে বিদ্ধ হয়। এতে গুরুতর আহত হয় সৌরভ।
অভিযোগ রয়েছে, ঘটনার বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে নিষেধ করেছিলেন আব্দুল হাকিম। তবে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। এরপর স্বজনরা সৌরভকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের ৪ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে সৌরভের মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির মা রানু ক্ষত্রিয় বাদী হয়ে ফুলপুর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত আব্দুল হাকিমকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। তবে ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। অবশেষে শুক্রবার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ফুলপুর থানায় নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, টিকটক ভিডিও বানানোর জন্য শিশুটিকে ১০ টাকা দেওয়ার কথা বলে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলা হয়। পরে পুকুরে থাকা লোহার তারকাঁটায় পা বিদ্ধ হয়ে গুরুতর আহত হয় শিশুটি। চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় নিহত শিশুর মা রানু ক্ষত্রিয় বাদী হয়ে থানায় মামলা করেছিলেন। মামলার পর অভিযুক্ত আব্দুল হাকিম দীর্ঘদিন পলাতক ছিলেন। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।