মাদারগঞ্জে টাকা আনতে গিয়ে ব্যবসায়ী নিখোঁজ, চার দিনেও সন্ধান মেলেনি
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-26 08:35:11 · স্টাফ রিপোর্টার
জামালপুরের মাদারগঞ্জে টাকা আনতে ময়মনসিংহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর সুজন মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ সুজন মিয়া উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ ফকিরপাড়া এলাকার মোজা প্রামাণিকের ছেলে। তিনি বালিজুড়ী বাজারে ‘সুজন লন্ড্রি অ্যান্ড চা স্টল’ নামে একটি দোকান পরিচালনা করেন।
পরিবারের দাবি, ২১ সেপ্টেম্বর ময়মনসিংহ থেকে সুজনের মোবাইল ফোনে যোগাযোগ করা হয় এবং তাকে টাকা নেওয়ার জন্য সেখানে যেতে বলা হয়। পরদিন ২২ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে টাকা আনতে ময়মনসিংহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি।
সুজনের বোন সুরুফা বেগম ও স্ত্রী সাবানা আক্তারের দাবি, ময়মনসিংহ যাওয়ার পর সুজন তাদের ফোন করে জানান, তিনি ১ লাখ ৬ হাজার টাকা পেয়েছেন এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এরপর সন্ধ্যার পর পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।
পরিবারের সদস্যরা জানান, এরপর থেকে সুজনের সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরিবারের ভাষ্য অনুযায়ী, চার দিন ধরে নিখোঁজ রয়েছেন তিনি।
সুজনের বোন সুরুফা বেগমের দাবি, শতদল সমবায় সমিতির পরিচালক বাছেদের ফোন পেয়েই তার ভাই টাকা আনতে ময়মনসিংহে গিয়েছিলেন।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন শতদল সমবায় সমিতির পরিচালক বাছেদ। তার দাবি, “সুজনের সঙ্গে আমার কখনো যোগাযোগ হয়নি। আমি তাকে চিনি না। তার সঙ্গে কোনো টাকার লেনদেন হয়নি এবং কোনো কথাও হয়নি।”
এ ঘটনায় সুজনের মা মোছা. মাজেদা বেগম ২৫ সেপ্টেম্বর মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।
এদিকে সুজনের নিখোঁজের ঘটনায় তার স্ত্রী ও পাঁচ সন্তান উদ্বেগের মধ্যে রয়েছেন। পরিবারের সদস্যরা দ্রুত সুজনের সন্ধান পেয়ে তাকে নিরাপদে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন।