ঈশ্বরগঞ্জে সেই ‘সিনিয়র জুয়াড়ি রবিন’ গ্রেপ্তার
বৃহত্তর ময়মনসিংহ ·
2026-09-26 08:34:01
· স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া মামলায় মো. রবিন (২৪) নামে কথিত এক সিনিয়র জুয়াড়িকে( ক্যাসিনো সম্রাট) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার রবিনকে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাত ১টার দিকে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিন ঈশ্বরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দওপাড়া এলাকার আবুল বাদশার ছেলে।
পুলিশ জানায় এসপির নির্দেশনায় ও গৌরীপুর সার্কেলের তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে রায়ের বাজার এলাকা থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্যাসিনো সম্রাট রবিনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় রবিনের কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি অ্যাপের স্ক্রিনশটের প্রিন্ট কপি জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় দায়ের করা অনলাইন জুয়া মামলায় রবিনকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে ক্যাসিনো সম্রাট সিনিয়র জুয়াড়ি রবিন গ্রেপ্তারের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে থানা-পুলিশের প্রশংসা করছেন সচেতন মহল। তারা বলেন, বর্তমান ওসি সাজ্জাদ রোমন যোগদানের পর থেকেই মাদক, জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন। এতে ক্যাসিনো ব্যবসায়ীদের ঘুম হারাম হয়েছে। পুলিশের এই কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন তারা।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও এজেন্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।