ময়মনসিংহ মেইল

পৈতৃক সম্পত্তির ভাগ চাওয়ায় পাঁচ বোনকে মারধরের অভিযোগ

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-19 15:13:04 · স্টাফ রিপোর্টার

পৈতৃক সম্পত্তির ন্যায্য অংশ চাওয়াকে কেন্দ্র করে ময়মনসিংহের নান্দাইলে পাঁচ বোনকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে তাদের ভাই আব্দুর রাশিদ ও তার স্বজনদের বিরুদ্ধে। হামলায় এক বোনের মাথায় দা-এর আঘাত লেগে তিনটি সেলাই দিতে হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। ঘটনার প্রতিকার ও পৈতৃক সম্পত্তির অংশ বুঝে পেতে শনিবার বিকেলে নান্দাইল মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পাঁচ বোন।
ভুক্তভোগীরা হলেন নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল খালেকের পাঁচ মেয়ে আম্বিয়া খাতুন, সুফিয়া খাতুন, নাজমা খাতুন, শাহিদা আক্তার ও ফাতেমা আক্তার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফাতেমা আক্তার বলেন, ২০২০ সালে তাদের বাবা আব্দুল খালেক মারা যাওয়ার পর থেকে পৈতৃক সম্পত্তি ভাই আব্দুর রাশিদ ভোগদখল করে আসছেন। তারা নিজেদের প্রাপ্য অংশ চাইলে ভাই ও তার পরিবারের সদস্যরা গালিগালাজ এবং ভয়ভীতি দেখান। এ নিয়ে এর আগেও থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল বলে জানান তিনি।
ফাতেমা আক্তারের অভিযোগ, শনিবার সকালে তারা বাবার বসতঘরে অবস্থান করছিলেন। এ সময় আব্দুর রাশিদ, তার স্ত্রী আয়শা, ছেলে আশিক এবং মৃত শাহজাহানের স্ত্রী নাদিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। একপর্যায়ে আব্দুর রাশিদ দা দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। তাকে রক্ষা করতে অন্য বোনেরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ফাতেমা আক্তার বলেন, হামলায় আহত হওয়ার পর তার মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় তার বড় বোন শাহিদা আক্তার বাদী হয়ে আব্দুর রাশিদসহ পাঁচজনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় অভিযোগ করেছেন।
তিনি বলেন,আমরা কারও সঙ্গে বিরোধ চাই না। আমরা শুধু বাবার রেখে যাওয়া সম্পত্তিতে আমাদের ন্যায্য অংশ চাই। নিরাপদে থেকে যেন সেই অংশ বুঝে নিতে পারি, এ জন্য প্রশাসনের সহযোগিতা চাই।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।
মৃত আব্দুল খালেকের স্ত্রী হাজেরা খাতুন বলেন, ‘আমার মেয়েরা তাদের বাবার সম্পত্তির ন্যায্য অংশ চায়। কিন্তু তাদের ওপর নানা ধরনের চাপ ও অত্যাচার করা হচ্ছে। আমি চাই, আমার মেয়েরা যেন ন্যায়সংগতভাবে তাদের প্রাপ্য সম্পত্তি বুঝে পায়।
সংবাদ সম্মেলনে আম্বিয়া খাতুন, সুফিয়া খাতুন, নাজমা খাতুন, শাহিদা আক্তারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত