ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-19 05:15:07 · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহে ডিবি ও ডিজিএফআইর সদস্য পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। অপহৃত ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর নটরডেম কলেজের পেছনে জালালের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
উদ্ধার ব্যক্তির নাম মো. আব্দুস সামাদ (৩১)। তিনি কোতোয়ালি থানার পনঘাগড়া এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দিনাজপুরের খানসামা থানার ছিট আলোকদি এলাকার মো. শামীম ইসলাম সবুজ (৩৫), ময়মনসিংহ নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী এলাকার আল-আমীন (২০), শেরপুরের নকলা থানার চর ভাবনা এলাকার ফারুক আহম্মেদ (৩৫), একই এলাকার পিয়াস মিয়া (২২) ও ময়মনসিংহ নগরীর বাগমারা এলাকার দিদারুল ইসলাম (৫৮)।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোন ও একটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে নিয়মিত টহল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার পুলিশ জানতে পারে, নটর ডেম কলেজের পেছনে জালালের মোড় এলাকায় এক ব্যক্তিকে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হচ্ছে।
পরে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে আব্দুস সামাদকে উদ্ধার করে এবং পাঁচজনকে গ্রেপ্তার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুস সামাদ জানান, শুক্রবার বেলা আনুমানিক ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকায় গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের ডিবি ও ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান।
পরে তাকে নগরীর জালালের মোড় এলাকায় নিয়ে মাদকের মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার ও আদালতে চালান দেওয়ার ভয় দেখিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয় বলে পুলিশকে জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে নিরাপদে উদ্ধার এবং ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডিবি ও ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে অপহরণ এবং মাদকের মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগের তথ্য পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোন ও একটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’