ময়মনসিংহ মেইল

স্বচ্ছলতার স্বপ্নে ১৮ বছর প্রবাসে, হঠাৎ মৃত্যুর কোলে হাবিকুল

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-13 07:43:44 · ফরিদ মিয়া

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত রুস্তম আলীর ছেলে মো. হাবিকুল (৩৮) দীর্ঘ ১৮ বছর ধরে মালয়েশিয়ার ফাহাং শহরে কর্মরত ছিলেন। পরিবারের স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে দীর্ঘ সময় প্রবাসে কাটালেও শেষ পর্যন্ত দেশে ফিরতে হচ্ছে নিথর দেহে। গত শনিবার ১২ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, হাবিকুল দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে পরিবারের ভরণ-পোষণ ও ভবিষ্যতের জন্য অর্থ উপার্জন করছিলেন। শনিবার গভীর রাতে হঠাৎ তাঁর বুকে তীব্র ব্যথা অনুভূত হলে সহকর্মীরা দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তাঁর মৃত্যু হয়।
হাবিকুলের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মালয়েশিয়ায় থাকা তাঁর সহকর্মী, পরিচিতজন ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে দেশে খবর পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের মাতম।
স্বজনরা জানান, পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় জীবনের দীর্ঘ ১৮টি বছর প্রবাসে কাটিয়েছেন হাবিকুল। পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করলেও সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।
মৃত্যুকালে হাবিকুল স্ত্রী ও আট বছর বয়সী এক কন্যাসন্তানসহ স্বজনদের রেখে গেছেন। বাবার আকস্মিক মৃত্যুতে ছোট্ট মেয়েটি হারিয়েছে তার সবচেয়ে আপন মানুষকে। একমাত্র কন্যাসন্তানকে ঘিরে পরিবারের যে স্বপ্ন ছিল, হাবিকুলের আকস্মিক মৃত্যুতে তা যেন মুহূর্তেই থমকে গেছে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে  হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
এদিকে হাবিকুলের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মরদেহ দেশে পৌঁছানোর পর পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত