জামালপুরে মাদকসহ আটক ৫ জনের কারাদণ্ড ০৩:৩৮পি.এম. | নভেম্বর ৪
বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-04 11:29:15 · স্টাফ রিপোর্টার
জামালপুরের সরিষাবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানার পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সরিষাবাড়ী পৌরসভার বাউসী বাঙ্গালীপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৭), বাউসী বাজার গ্রামের মৃত রাম নিবারন চন্দ্র রায়ের ছেলে মঞ্জু চন্দ্র রায় (৪৫), সরিষাবাড়ী রেলওয়ে কলোনির আব্দুর রহমানের ছেলে রিফাত (২২), একই কলোনির রাসেলের স্ত্রী মিতু (৪৫) এবং চকহাটবাড়ী গ্রামের শাহাবুদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৩০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার দুপুর থেকে সরিষাবাড়ী পৌরসভার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ কেজি ৬০ গ্রাম গাঁজা ও দুই পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত মঞ্জু চন্দ্র রায় ও মিতুকে এক বছর করে, রিফাত ও হুমায়ুন কবিরকে ছয় মাস করে এবং সোহাগ মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা গণমাধ্যমকে বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।