ময়মনসিংহ মেইল

ব্রহ্মপুত্রে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার জব্দ করে ১ লাখ জরিমানা

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-07 05:32:26 · স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মফিজুল নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ ও পাইপগুলো ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস। এ সময় পাকুন্দিয়া থানা-পুলিশের সদস্যরা তাকে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ওই এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানের সময় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে মফিজুলকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ এবং পাইপগুলো ধ্বংস করা হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত