ময়মনসিংহ মেইল

গৌরীপুরে ভয়াবহ আগুন, পুড়ল সিনেমা হলসহ ২০ দোকান

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-07 04:57:53 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের গৌরীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পৌর শহরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান। মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে সিনেমা হলটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সিনেমা হল সংলগ্ন এলপিজি সিলিন্ডার গ্যাসের গুদাম, ডেকোরেশন দোকান এবং পুরাতন কাপড়ের দোকানসহ একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিনেমা হলের পাশের সিলিন্ডারের গুদাম থেকেই আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।

উল্লেখ্য, ঝলমল সিনেমা হলটি মূলত স্থানীয় একটি পুরনো ঐতিহাসিক জমিদার বাড়িতে পরিচালিত হয়ে আসছিল। অগ্নিকাণ্ডে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত